বামনহাট থেকে শিয়ালদহগামী উত্তরবঙ্গ এক্সপ্রেসে নেই বিশেষ ভাবে সক্ষমদের কোচ, ক্ষোভ যাত্রীদের
নিজস্ব সংবাদদাতা, বামনহাট, ১১ আগস্ট ২০২৬: বামনহাট থেকে শিয়ালদহগামী উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনে নির্দিষ্ট বিশেষ ভাবে সক্ষম যাত্রীদের কোচ না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন যাত্রীরা। আগামীকাল, অর্থাৎ ১২ আগস্ট কলকাতায় বিশেষ ভাবে সক্ষমদের মানবিক ভাতা বৃদ্ধির দাবিতে অনুষ্ঠিত আন্দোলনে যোগ দিতে রওনা হওয়ার সময় তাঁরা এই সমস্যার সম্মুখীন হন।
যাত্রীদের অভিযোগ, উত্তরবঙ্গ এক্সপ্রেসে সাধারণত বিশেষ ভাবে সক্ষম যাত্রীদের জন্য সংরক্ষিত কোচ থাকলেও আজ সেই কোচ ট্রেনে ছিল না। ফলে বাধ্য হয়েই তাঁদের জেনারেল বগিতে চড়ে যাত্রা করতে হয়েছে। এতে চরম দুর্ভোগের পাশাপাশি নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নও উঠে এসেছে বলে জানান তাঁরা।
বিশেষ ভাবে সক্ষম যাত্রী জীবন কৃষ্ণ দেবনাথ বলেন, “উত্তরবঙ্গ এক্সপ্রেসে বিশেষ ভাবে সক্ষম যাত্রীদের কোচ থাকলেও আজ সেই কোচ নেই। ফলে আমাদের বাধ্য হয়েই জেনারেল বগিতে যাত্রা করতে হচ্ছে। এটা বিশেষ ভাবে সক্ষম মানুষদের সঙ্গে প্রতারণা। এটা করা উচিত হয়নি।” তিনি আরও জানান, মানবিক ভাতা বৃদ্ধির দাবিতে কলকাতায় অনুষ্ঠিতব্য কর্মসূচিতে অংশগ্রহণের উদ্দেশ্যেই তাঁরা যাত্রা করছেন।
যাত্রীদের দাবি, রেল কর্তৃপক্ষের এই অব্যবস্থার কারণে তাঁদের অতিরিক্ত শারীরিক কষ্ট সহ্য করতে হচ্ছে। তাঁরা অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে ভবিষ্যতে বিশেষ ভাবে সক্ষম যাত্রীদের কোচ নিয়মিত সংযুক্ত রাখার দাবি জানান।
ঘটনাকে কেন্দ্র করে বামনহাট স্টেশন চত্বরে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। রেল কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
