কোচবিহারে ABRSM-এর জেলা সম্মেলন, উপস্থিত প্রায় ৮০০ শিক্ষক-শিক্ষাকর্মী
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: রবিবার কোচবিহার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের কোচবিহার জেলা বার্ষিক সম্মেলন। জেলার ২৬টি সার্কেল থেকে প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী মিলিয়ে প্রায় ৮০০ জন প্রতিনিধি সম্মেলনে অংশ নেন।
পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্জ্বলন, ভারতমাতা ও মা সরস্বতীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন এবং সরস্বতী বন্দনার মাধ্যমে সম্মেলনের সূচনা হয়। উপস্থিত ছিলেন আরএসএস-এর প্রান্ত সংঘচালক ঋষিকেশ সাহা, জেলা সংঘচালক প্লাবন দে সরকার-সহ সংগঠনের রাজ্য ও জেলা নেতৃত্ব।
সম্মেলনে গত এক বছরের সাংগঠনিক কার্যক্রম, TET-সহ বিভিন্ন বিষয়ে ডেপুটেশন, সদস্যতা বৃদ্ধি এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়। জেলা সম্পাদক মানস কর সাংগঠনিক প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ দেবাশীষ সরকার বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পেশ করেন।
বক্তব্যে শিক্ষক সমাজের ভূমিকা, সংগঠনের আদর্শ ও শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা করেন সংগঠনের রাজ্য ও বিভাগীয় নেতৃত্ব। সম্মেলনের দ্বিতীয় পর্বে নতুন জেলা কমিটি গঠন করা হয়। শেষে ‘বন্দেমাতরম’-এর মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
